ভারতের হামলার ক্ষত সারাতে ফের রানওয়ে খুঁড়ছে পাকিস্তান

এনডিটিভি এক্সক্লুসিভ

ভারতের হামলার ক্ষত সারাতে ফের রানওয়ে খুঁড়ছে পাকিস্তান

ফন্ট সাইজ:

পাকিস্তানের সারগোধায় দেশটির বিমানবাহিনীর (পিএএফ) ঘাঁটিতে রানওয়ে ও ট্যাক্সিট্র্যাকের সংযোগস্থলে এখনও মেরামতকাজ চলছে। উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবিতে এই সংস্কারকাজের চিত্র ধরা পড়েছে। ১৬ মাস আগে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) ওই ঘাঁটিতে হামলা চালায়। এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সারগোধার পিএএফ ঘাঁটি মুশাফ লাহোর থেকে প্রায় ১৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভারতের অমৃতসরের কাছে ভারত-পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

গত ১২ সেপ্টেম্বর ভ্যান্টর স্যাটেলাইটের ছবিতে রানওয়ে ও ট্যাক্সিট্র্যাকের সংযোগস্থলের ঠিক বাম পাশে গাঢ় ও অনিয়মিত একটি অংশ দেখা গেছে। আশপাশের অ্যাসফল্টের তুলনায় ওই অংশের রং ও গঠন আলাদা। এতে সেখানে নতুন করে মাটি খোঁড়া বা পুনরায় পিচ ঢালাইয়ের কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে। ওই অংশের কিনারায় একটি লাল রঙের যানও দেখা গেছে।

একই ছবিতে রানওয়ের পুরো দৈর্ঘ্যজুড়ে ধাপে ধাপে পুনরায় পিচ ঢালাইয়ের কাজ চলার চিহ্নও দেখা যায়। রানওয়ের একটি অংশ অপেক্ষাকৃত গাঢ় ও মসৃণ এবং সেটির কাজ শেষ হয়েছে বলে মনে হচ্ছে। অন্য অংশটি এখনও পুরোপুরি শুকায়নি বা পরিষ্কার করা হয়নি বলে প্রতীয়মান হচ্ছে।

রানওয়ের উত্তর অংশে নতুন করে মেরামতকাজ চলছে। সেখানে আগে মেরামত করা ক্ষেপণাস্ত্রের আঘাতের গর্তটি ফের খুঁড়ে সংস্কার করা হচ্ছে। আগের মেরামতের জায়গাটি সাবগ্রেড স্তর পর্যন্ত খুঁড়ে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, পুরো গভীরতা পর্যন্ত পুনর্র্নিমাণের প্রস্তুতি হিসেবে এ কাজ করা হচ্ছে।

অপারেশন সিন্দুরের সময় ভারতীয় বিমানবাহিনীর বিমান অভিযানবিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, এই রানওয়ের কেন্দ্ররেখায় ৩০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে আঘাত হানা হয়েছিল। এটাই ভারতীয় বিমানবাহিনীর নিখুঁত হামলার প্রমাণ।

তিনি আরও বলেন, শত্রুর ক্ষত এখনও সারেনি। ১৬ মাস পরও সারগোধার রানওয়ে অস্ত্রোপচারের মধ্যে রয়েছে- এটাই অপারেশন সিন্দুর, এবং এটি এখনও চলছে!
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১০ মে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের ১০টি বিমানঘাঁটি, রাডার ও সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ইউনিটকে লক্ষ্যবস্তু করেছিল। সে দিন সারগোধার মুশাফ বিমানঘাঁটিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে হামলা চালানো হয়।