ছুটি না নিয়ে সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ছুটি না নিয়ে সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

ফন্ট সাইজ:

আড়াই লাখ মানুষের গত ১৬ বছরেও ওসমানীনগর উপজেলা হাসপাতালে ইনডোর সেবা চালু হয়নি। তবে বেশ কিছুদিন ধরে চালু হয়েছে আউটডোর সেবা। এতে উপজেলার দরিদ্র জনগোষ্ঠী অনেকটা আশার আলো দেখতে পেয়েছেন। কিন্তু হাসপাতালের অব্যস্থাপনা এবং চিকিৎসকদের দায়িত্বহীনতার কারণে মানুষ এ সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান ছুটি না নিয়েই গত সাড়ে ৩ মাস ধরে কানাডায় অবস্থান করছেন।

একজন মেডিকেল অফিসার কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো ভ্রূক্ষেপ নেই। খোঁজ নিয়ে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর রহমানকে জেলা সিভিল সার্জনের এক আদেশে এটাচমেন্ট মেডিকেল অফিসার হিসেবে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়। এ প্রেক্ষিতে গত ২০২৫ সালের ১লা সেপ্টেম্বর তিনি ওসমানীনগর উপজেলা হাসপাতালে যোগদান করেন। যোগদানের পর মাত্র ৮মাস দায়িত্ব পালনের পর চলতি বছরের ১লা জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি বা ছুটি না নিয়ে কানাডায় চলে যান তিনি। ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান বলেন, ডা. শাহিনুর রহমান হাসপাতালে কাজে যোগদান না করায় আমরা উনাকে শোকজ করেছিলাম। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, ডা. শাহিনুর রহমান অননুমোদিতভাবে ছুটি না নিয়েই বিদেশে আছেন। তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।