কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

ফন্ট সাইজ:

কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে আবদুর রশীদ (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার হরিশ্চর-ভুশ্চি সড়কের রেলক্রসিংসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রশীদ লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আবদুল আউয়ালের ছেলে। জানা যায়, রাতে রেলক্রসিংসংলগ্ন এলাকায় রশীদের সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। একপর্যায়ে কয়েকজন তাকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের কথা জানা গেলেও এর পেছনে পূর্বশত্রুতা ছিল কি না- সেটিও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ, হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না- তা তদন্ত করে দেখা হচ্ছে।