‘শিক্ষার্থীরা চাইলে’ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। গত বৃহস্পতিবার বিকালে উপাচার্যের যোগদানের দুই বছর পূর্তি উপলক্ষে প্রশাসনিক ভবনের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রাকসু নির্বাচন প্রসঙ্গে উপাচার্য বলেন, আপনারা সবাই জানেন এবং সমগ্র জাতি অবগত যে, আমরা যে নির্বাচন কমিশন গঠন করেছিলাম, পরবর্তীতে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের এই পদত্যাগ ছিল একটি বড় বিষয়। মূলত এর ফলেই ব্রাকসু নির্বাচন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
এ ছাড়া, ভোটার তালিকায় কিছু ভুল-ত্রুটি থাকার কথাও তারা উল্লেখ করেছিলেন। তিনি বলেন, আমরা আশা করেছিলাম, পরবর্তীতে দুই পক্ষের প্রতিনিধি এবং সকল শিক্ষার্থীদের সঙ্গে এই রুমেই বৈঠকে বসে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছিলাম যে, একটি সমঝোতার মাধ্যমে নতুন তারিখ নির্ধারণ করা হবে। কিন্তু তারা নিজেরা এখনো আলোচনায় বসেননি, কোনো নতুন তারিখ ঘোষণা করেননি, আমাদেরও জানাননি। উপাচার্য আরও বলেন, আমরা আশা করি, শিক্ষার্থীদের নিজেদের মধ্য থেকে যদি কোনো সমন্বয় গড়ে ওঠে এবং তারা যদি একমত হয়ে আমাদের জানায় যে, তারা নির্বাচন করতে আগ্রহী, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা এ বিষয়ে সব ধরনের সার্বিক সহযোগিতা করবো।
