সার সংকটে চিলমারীর কৃষক সুযোগ নিচ্ছে অসাধু চক্র

সার সংকটে চিলমারীর কৃষক সুযোগ নিচ্ছে অসাধু চক্র

ফন্ট সাইজ:

বছর শেষে ফসলি জমির পরিমাণ কমলেও সারের বরাদ্দ কমেনি। তবুও সৃষ্ট সংকট আর চড়া মূল্যে কূল পাচ্ছে না কৃষক। বরাদ্দ ঠিক থাকলেও ডিলারদের গুদাম থেকে বাজার পর্যন্ত হঠাতেই যেন গায়েব হয়ে সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট। ভরা মৌসুমে সারের সংকটে দিশাহারা কুড়িগ্রামের চিলমারীর কৃষকরা। প্রয়োজনের সময় সরকারি নির্ধারিত দামে সার না পেয়ে অনেক কৃষককে ছুটতে হচ্ছে ডিলাদের গুদাম থেকে আরেক দোকানে। সরকারি দামে সার উধাও হলেও অভিযোগ উঠেছে চড়া দামে বিক্রির।

এতে বাড়ছে উৎপাদন খরচ, দেখা দিয়েছে কৃষকদের মধ্যে হতাশা, বাড়ছে ক্ষোভ। জানা গেছে, চলতি মৌসুম শুরু থেকেই হঠাতেই সার সংকটে পড়ে কুড়িগ্রামের চিলমারীর কৃষক। বিগত কয়েক বছরে ফসলি জমি কমলেও কমেনি সারের বরাদ্দ। তবুও কেন এই সংকট উঠেছে নানা প্রশ্ন। সার ডিলাদের গুদাম থেকে বাজার পর্যন্ত যেন হাওয়া হয়ে যাচ্ছে আর সৃষ্টি হচ্ছে সংকট। কৃত্রিম এই সংকটকে কাজে লাগিয়ে অসাধু চক্র চড়া মূল্যে বিক্রি করে কৃষকদের হতাশায় ফেলে লুটছে ফায়দা। কৃষকদের অভিযোগ, বিভিন্ন এলাকায় খোঁজ করেও চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। অথচ স্থানীয় বাজারে গোপনে বেশি দামে সার বিক্রি হচ্ছে। তারা আরও অভিযোগ করে বলেন, ডিলারদের সঙ্গে বিএস (উপ-সহকারী কৃষি অফিসার) এর রয়েছে গোপন আঁতাত এবং কিছু ব্যবসায়ীদের সঙ্গে রয়েছে গোপন চুক্তি। ফলে সৃষ্টি হচ্ছে সংকট। তাই সরকারি ব্যবস্থাপনায় সার সরবরাহ ও বাজার তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। আ. রউফ নামে এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, জমিতে সার দেয়ার সময় চলে যাচ্ছে। দোকানে গেলে সার নেই বলা হয়।

আবার পরিচিত লোকের মাধ্যমে ১৭০০ থেকে ১৮০০ টাকা দিলে ঠিকই ইউরিয়া সার পাওয়া যাচ্ছে। কৃষক রিয়াজুল হক বলেন, ডিলারদের দোকানে গেলে খুচরা সার পাওয়া যায় না। তাই বাইরে ৩৬/৩৭ টাকা কেজি দরে ইউরিয়া সার কিনতে হয়। কৃষকদের দাবি, প্রকৃত চাহিদা অনুযায়ী দ্রুত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি মূল্যের বাইরে কেউ সার বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ডিলারদের ঘরেরও খুচরা বিক্রির ব্যবস্থা রাখতে হবে। কথা হলে উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় বলেন, আপাতত ডিলারদের ঘরে ইউরিয়া সার নেই। তবে রোববার (২০শে সেপ্টেম্বর) সার এলে কার্ডের মাধ্যমে সার বিতরণ করা হবে। সারের জন্য হতাশার কিছু নেই। আর যারা চড়া মূল্যে বিক্রি করবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং যারাই জড়িত থাক না কেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।