দুই পাশে ময়লা আবর্জনা, খানাখন্দে ভরা সড়ক যেন মৃত্যুফাঁদ

দুই পাশে ময়লা আবর্জনা, খানাখন্দে ভরা সড়ক যেন মৃত্যুফাঁদ

ফন্ট সাইজ:

নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দিনের পর দিন জমছে ময়লা-আবর্জনা। বিশাল বর্জ্যের স্তূপ আবার কোথাও কোথাও খানাখন্দে ভরা সড়ক যেন মৃত্যুফাঁদ। কিন্তু বিভিন্ন মিডিয়ায় এত প্রচারের পরও কোনো টনক নড়ছে না। জানা গেছে, নরসিংদীর মদনপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দিনের পর দিন জমছে ময়লা-আবর্জনা। কোথাও তৈরি হয়েছে বিশাল বর্জ্যের স্তূপ আবার কোথাও খানাখন্দে ভরা সড়ক পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। বৃষ্টির পানি, পচা আবর্জনা ও তরল বর্জ্যে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধময় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। নরসিংদী পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে সংগৃহীত বর্জ্য দীর্ঘদিন ধরে সড়কের আশপাশে ফেলা হচ্ছে। সময়ের সঙ্গে এসব ময়লার স্তূপ এতটাই বড় হয়েছে যে, দূর থেকে দেখলে মনে হয় সড়কের দুই পাশে ছোট ছোট পাহাড় দাঁড়িয়ে আছে। শুধু বর্জ্য নয়, সড়কটির বিভিন্ন অংশে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার জমে আছে পানি ও কাদা। পানির নিচে থাকা গর্ত বুঝতে না পেরে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যানবাহনের চালকরা।

টেক্সটাইল ব্যবসায়ী ফয়সাল বলেন, সড়কের বেহাল দশা ও যত্রতত্র ময়লা ফেলার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘ যানজটে পণ্য পরিবহনে সময় নষ্ট হচ্ছে। এতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় যাত্রী সবুজ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থা থাকলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। একটি শিল্পসমৃদ্ধ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ এভাবে পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুশাসনের জন্য নাগরিক-সুজনের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেগুলো পানিতে ডুবে যায়। এতে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, একদিকে সড়কের পাশে বর্জ্যের স্তূপ, অন্যদিকে ভাঙাচোরা রাস্তা- দুই সংকটে আটকে আছে গুরুত্বপূর্ণ এই সড়ক। শিল্পাঞ্চল মাধবদীসহ জেলার বিভিন্ন এলাকার পণ্য পরিবহনের অন্যতম প্রধান পথ হওয়ায় সড়কটির উপর চাপও অনেক বেশি। অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, বর্জ্য ব্যবস্থাপনার সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে। বর্জ্যের অব্যবস্থাপনা শুধু শহরের সৌন্দর্য নষ্ট করে না, এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্যও বড় হুমকি। তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে একটি প্লান্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। গত ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হয়েছে। ২০২৭ সালের ২৪শে জুনের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি বলেন, সড়কের দুই পাশে ময়লা ফেলার কারণে পানি জমে রাস্তার ক্ষতি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।