নাইজেরিয়ায় মিথানলযুক্ত বিষাক্ত দেশীয় মদ পানে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ১০০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার ওন্দো অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।
ওন্দো অঙ্গরাজ্যের স্বাস্থ্য কমিশনার বাঞ্জি আজাকা জানান, রাজ্যের ওদিগবো এবং ইরেলে এলাকায় মোট ১৮২ জন এই বিষাক্ত মদ পানে অসুস্থ হয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এই বিষাক্ত অ্যালকোহল মানবদেহে প্রবেশের পর খুব দ্রুত কিডনি অকেজো করে দেয়, দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং মস্তিষ্কের স্থায়ী ক্ষতি সাধন করে। স্থানীয় বাসিন্দারা জানান, মানকি টেইল নামে পরিচিত অত্যন্ত কড়া মাত্রার একটি ভেষজ অ্যালকোহল পানীয়ের সঙ্গে অতিরিক্ত মুনাফার লোভে বিষাক্ত মিথানল মেশানোর কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
পুলিশের মুখপাত্র আবায়োমি জিমোহ এক বিবৃতিতে জানিয়েছেন, বিষাক্ত পানীয় উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে এক প্রস্তুতকারকসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আফ্রিকায় অতিরিক্ত জনসংখ্যা অধ্যুষিত নাইজেরিয়ার প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় সস্তা ও মাননিয়ন্ত্রণহীন দেশি মদের ব্যাপক প্রচলন রয়েছে। দুই সপ্তাহ আগেই এ ধরনের মদে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। এদিকে দেশটিতে অপ্রাপ্তবয়স্কদের কাছে সহজে অ্যালকোহল পৌঁছে যাওয়া ঠেকাতে সম্প্রতি স্যাশে বা ছোট প্লাস্টিকের পাত্রে মদ বিক্রির ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ।
