ময়মনসিংহে বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজির দুই যাত্রী নিহত, আহত ৬

ময়মনসিংহে বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজির দুই যাত্রী নিহত, আহত ৬

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর বাসটি প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রাটিকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
পরে গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।
এদিকে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দেয়ার পর বাসটি মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায়।