দিল্লিতে কিশোরীকে গণধর্ষণের পর হত্যা, মরদেহ খুবলে খেল কুকুর

দিল্লিতে কিশোরীকে গণধর্ষণের পর হত্যা, মরদেহ খুবলে খেল কুকুর

ফন্ট সাইজ:

ভারতের রাজধানী দিল্লিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে চলন্ত টেম্পোতে গণধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। ধর্ষণের পর কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা করে খোলা মাঠে মরদেহ ফেলে দেয়া হয়। এরপর বেওয়ারিশ কুকুরের দল মরদেহটির বিভিন্ন অংশ খুবলে খায়। হত্যাকাণ্ডের কয়েক দিন পর ১৩ সেপ্টেম্বর মধ্য দিল্লির কুশাক রোডের একটি ফাঁকা জমি থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হলে নৃশংস এই ঘটনাটি প্রকাশ্যে আসে। এ খবর জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, মরদেহটি এতটাই বিকৃত ও পচে গিয়েছিল যে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় বা লিঙ্গ শনাক্ত করা সম্ভব ছিল না। নিহতের হাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি, কারণ সে প্রায়ই কাউকে কিছু না জানিয়ে কয়েক দিনের জন্য বাইরে থাকত। তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা ওই কিশোরীর পূর্বপরিচিত ছিল। ঘটনার দিন তারা একটি টেম্পোর ভেতরে একসঙ্গে মদপান করে। একপর্যায়ে কিশোরীকে যৌন নির্যাতন ও ছুরিকাঘাতে হত্যা করে মাঠে ফেলে দেয়া হয়।

ঘটনাস্থল ও আশপাশের এলাকার ৫০টিরও বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন টেম্পোটি শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে তিন কিশোরসহ মোট চারজনকে আটক করা হয়। প্রাপ্তবয়স্ক অভিযুক্তের নাম শিবম ওরফে সুদামা (খড্ডা কলোনির বাসিন্দা) এবং বাকি তিনজনের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। পুলিশ তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি, রক্তমাখা পোশাক এবং টেম্পোটি জব্দ করেছে। পুরো ঘটনার ও অপরাধীদের সুনির্দিষ্ট ভূমিকা নির্ধারণে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা চলছে।