মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে মোটরসাইকেল-টাকা ছিনতাই

ফন্ট সাইজ:

গত কয়েকদিন ধরে একাধিক চুরি-ছিনতাই ও হত্যার ঘটনা ঘটেছে ‘সিটি অব গড’খ্যাত রাজধানীর মোহাম্মদপুরে। এবার এক মুদি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মোহাম্মদপুর সাদেক খান রোডে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী হৃদয় মিয়াকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে।

ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দিয়ে আহত হৃদয়ের বন্ধু মো. বিপ্লব বলেন, হৃদয়ের বাসা হাজারীবাগ গনকটুলী এলাকায়। ধানমণ্ডিতে তার মুদির ব্যবসা রয়েছে। সকালে হৃদয় মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন। এ সময় সাদেক খান রোড এলাকায় এলে ৪-৫ জন ছিনতাইকারী মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর হৃদয়কে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে তার কাছে থাকা মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বিপ্লব বলেন, এরপর খবর পেয়ে গুরুতর অবস্থায় হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে হাজারীবাগের বাসায় নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তিনি রাজধানীর ধানমণ্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মোহাম্মদপুর থানা সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। তবে পুলিশ নিজ উদ্যোগে এই ঘটনার সঙ্গে জড়িত আল আমিনকে খোঁজার চেষ্টা করছে। সূত্র জানিয়েছে, আহত হৃদয়ের বিরুদ্ধে থানায় আরও ৪টি মামলা রয়েছে ইতিমধ্যে। মামলাগুলোও মূলত মাদককে ঘিরে। গতকাল ছিনতাইয়ের ঘটনাটিও মাদকের ভাগ-ভাটোয়ারা নিয়ে ঘটেছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

চুরি-ছিনতাইসহ অপরাধের হটস্পটে পরিণত হয়েছে মোহাম্মদপুর। গত বুধবার মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় এক নারীর রিকশা থামিয়ে ধারালো অস্ত্রের মুখে তার ব্যাগ, মোবাইল ফোন, টাকা-পয়সাসহ কানের দুল পর্যন্ত খুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। একইদিন বিকালে মোহাম্মদপুর এলাকার একটি ডেভেলপার কোম্পানির কাছে কোটি টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। পরে সেখানে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার মোহাম্মদপুরের অদূরে বছিলা সেতুসংলগ্ন আরশিনগরে রায়েরবাজার এলাকার এলেঙ গ্রুপের সদস্য মো. ফরহাদ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষরা। দিনে-দুপুরে প্রধান সড়কে ফেলে তাকে কুপিয়ে-গুলি করে হত্যা করা হয়। গত ১২ই সেপ্টেম্বরও আদাবর-১০ এলাকার বালুর মাঠের কাছে খাল থেকে মাথা ও হাতসহ নারীর শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ।