জাতীয় নির্বাচনের পর প্রথম সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা হয়েছে। বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হওয়া দু’টি সভায়ই নতুন করে জেলা ও নগর বিএনপি’র কমিটি পুনর্গঠনের তাগিদ দিয়েছেন তৃণমূলসহ কেন্দ্রীয় নেতারা। দলের দায়িত্বে যাতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা জায়গা পান সে ব্যাপারে নজর রাখার কথাও বলা হয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই ও জনসম্পৃক্ত নেতাদের প্রার্থী নির্বাচিত করতে সবাইকে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয়েছে। দীর্ঘদিন পর বুধবার সিলেট জেলা ও নগর বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো।
পৃথক এ সাংগঠনিক সভার প্রথমে অনুষ্ঠিত হয় জেলার সভা। পরে সন্ধ্যায় দলের কার্যালয়ে মহানগর বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। দু’টি সভায়ই বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হুইপ জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন। দলীয় নেতারা জানিয়েছেন, সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সভায় দীর্ঘদিন পর নেতারা প্রাণ খুলে কথা বলেন। বক্তৃতায় অধিকাংশ নেতাই মেয়াদোত্তীর্ণ হওয়া সিলেট জেলা বিএনপি’র কমিটিকে পুনর্গঠন করার দাবি জানান। যৌক্তিকতা তুলে ধরে তারা বলেন, আন্দোলন সংগ্রামে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা বর্তমানে মূল্যায়িত হওয়া দূরের কথা অনেকেই বঞ্চনার শিকার হচ্ছেন। এতে করে দল ক্রমেই শক্তিহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দল পুনর্গঠন করলে ত্যাগীদের মূল্যায়ন বাড়বে। এতে দলও উপকৃত হবে। তবে সাংগঠনিক সভা শুরুর প্রাক্কালে সূচনা বক্তব্যে দু’টি বিষয়ের উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। তিনি দলকে শক্তিশালী করার জন্য কমিটি পুনর্গঠনের পাশাপাশি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করার আহ্বান জানান। একইসঙ্গে ইউনিয়ন নির্বাচনে যাতে মানুষের কাছাকাছি থাকা গ্রহণযোগ্য নেতাদের নির্বাচন করা যায় সেদিকে মনোযোগ দেয়ার কথা বলেন তিনি।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল জানিয়েছেন- আমাদের তরফ থেকে দ্রুত সিলেট জেলা কমিটি পুনর্গঠনের জন্য অনেক আগে থেকেই দাবি জানানো হচ্ছে। এবার সাংগঠনিক সম্পাদক নিজে বিষয়টি উত্থাপিত করায় আমরা তার বক্তব্যকে সাধুবাদ জানিয়েছি। একইসঙ্গে বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে নিয়ে আসার দাবি জানানো হয়েছে। সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপি সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সাংগঠনিক সভায় জানিয়েছেন- স্থানীয় নির্বাচনে একজন প্রার্থীকে সবদিক দিয়ে যোগ্যতার মাপকাঠিতে নির্ধারণ করা হবে। সাধারণ মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করে মেলবন্ধনের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। এ ব্যাপারে সিলেট জেলা বিএনপি মুখ্য ভূমিকা পালন করবে। এদিকে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে নগর বিএনপি’র সাংগঠনিক সভায় কেন্দ্রীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। জি কে গউছ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক নির্দেশনা দিয়ে বলেন, সিলেট মহানগর বিএনপি’র যে সকল ওয়ার্ডের কমিটি এখনো গঠন করা হয়নি, সেগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে।
ওয়ার্ড পর্যায় হচ্ছে দলের মূলভিত্তি। তাই যে সকল ওয়ার্ড সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে, সেগুলোকে চিহ্নিত শক্তিশালী করতে হবে। পরে বক্তৃতায় দলের তৃণমূলের নেতারা নগর বিএনপি পুনর্গঠনের দাবি জানান। তারা বলেন, নগর বিএনপি’র পক্ষ থেকে পূর্বেও কেন্দ্রের অনুমতি না নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি প্রবাসে থাকা তিন নেতাকেও উপদেষ্টা করা হয়েছে। এ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি শীর্ষ পদে একেক সময় একেক নেতাকে দায়িত্ব দেয়ায় দলের সাংগঠনিক প্রক্রিয়া এলোমেলো ছিল বলে দাবি করেন তারা।
পাশাপাশি সিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের ভেতরে নেতায় নেতায় দূরত্বের সৃষ্টি হয়েছে বলে তৃণমূল নেতাদের অভিযোগ। এজন্য দলের ভেতরে একতা ফিরিয়ে আনতে হলে তৃণমূল থেকে নগর কমিটিকে সাজানোর দাবি করেন তারা। সভায় নগর সভাপতি নাসিম হোসাইন অবগত করেন, ইতিমধ্যে সিলেট মহানগরের বর্ধিত ওয়ার্ডগুলোর আহ্বায়ক কমিটি গঠন করেছি। দ্রুত সময়ের মধ্যে এ সকল ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মহানগরের প্রতিটি ওয়ার্ডকে শক্তিশালী করে সিলেট মহানগর বিএনপিকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা হবে। এদিকে দু’টি সাংগঠনিক সভা শেষে বিএনপি’র সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী জানিয়েছেন, দলের তৃণমূল থেকে নেতৃত্ব বাছাই করা হবে। যারা চরিত্র হারাননি, তাদের নির্বাচিত করা হবে। সংগঠনকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খুব শিগগিরই এ ব্যাপারে সিলেটে কার্যক্রম শুরু করতে বিভাগীয় নেতৃবৃন্দ জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন বলে জানান তিনি।
৩ উপদেষ্টার পদ স্থগিত: যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপি’র তিনজন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। তিন উপদেষ্টা হলেন- ফয়ছল আহমদ (যুক্তরাজ্য), সাইফুর হারুন (যুক্তরাষ্ট্র), মোহাম্মদ হুমায়ূন মিলাদ (যুক্তরাজ্য)।
