প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। এ ছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানও সাক্ষাৎ করেছেন। গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে পৃথক পৃথকভাবে সাক্ষাৎ করেন তারা। প্রেসিডেন্টের প্রেস উইং থেকে জানানো হয়, সাক্ষাতে কাদের সিদ্দিকী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এসময় প্রেসিডেন্ট অভিনন্দন জানানোর জন্য কাদের সিদ্দিকীকে ধন্যবাদ জানান। এ ছাড়া সাক্ষাতে প্রেসিডেন্ট কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলেও প্রেস উইং থেকে জানানো হয়।
ওদিকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গতকাল দুপুরে বঙ্গভবনে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসময় তার সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী উপস্থিত ছিলেন। এতে বলা হয়, সাক্ষাতে সাইফুল হক জাতীয় সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। সাইফুল হক বলেন, প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচন এবং তার এই দায়িত্ব গ্রহণ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে প্রগতিশীল, গণতান্ত্রিক, অসামপ্রদায়িক ও বহুত্ববাদী ধারায় দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিনি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবেন।
এসময় প্রেসিডেন্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং শ্রদ্ধার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও দেশের গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীসহ দেশের জনগণের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন।
অন্যদিকে প্রেসিডেন্টের প্রেস উইং থেকে জানানো হয়, প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। সাক্ষাতে প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ আরও বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, শিক্ষক নিয়োগসহ সকল ক্ষেত্রে যোগ্যতা ও মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এসময় অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রম বিষয়ে প্রেসিডেন্টকে অবহিত করেন। আগামী বছর এপ্রিল মাসে প্রস্তাবিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি। প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন বলেও প্রেস উইং থেকে জানানো হয়। বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান প্রেসিডেন্টের
ওদিকে, বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজ করার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং বিদায়ী সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রেসিডেন্টের প্রেস উইং জানায়, সাক্ষাতে প্রেসিডেন্ট বলেন, ভিয়েতনামের সঙ্গে পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী ও উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে দু’দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অংশীদারিত্বের ক্ষেত্র আরও সমপ্রসারণ করার জন্য ভিসা ব্যবস্থা সহজ করা প্রয়োজন।
এ সময় প্রেসিডেন্ট দুই রাজধানীর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে প্রেসিডেন্ট ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তার ভিয়েতনাম সফরকালে উষ্ণ আতিথেয়তার স্মৃতিচারণ করে দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যকে আরও ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক করতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ সৃষ্টি করতে হবে।
বাংলাদেশে উৎপাদিত ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, পাট এবং পাটজাত পণ্যসহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের আমদানি বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট। সাক্ষাতে ভিয়েতনামের রাষ্ট্রদূত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
বিদায়ী রাষ্ট্রদূতকে তার সফল কর্মকাল এবং বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, নিজ দেশে ফিরে যাওয়ার পরও তিনি দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবেন। সাক্ষাতে প্রেসিডেন্টের কার্যালয়ের সচিববৃন্দ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনাম দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
