‘পলাতক ফ্যাসিস্টরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে না পারে’

ফন্ট সাইজ:

ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্‌দী আমিনের সঙ্গে দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেন। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার গুরুত্ব তুলে ধরা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত হন। একই সঙ্গে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় সাক্ষাতে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটনে সহযোগিতার উপর জোর দেয়া হয়।
ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সমপ্রসারণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। তথ্য-প্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তারা একমত পোষণ করেন যে, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বহুক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে।