Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
উদ্বোধনে প্রধানমন্ত্রী সমাপনীতে প্রেসিডেন্ট - MZamin
উদ্বোধনে প্রধানমন্ত্রী সমাপনীতে প্রেসিডেন্ট

নভেম্বরে বাটেক্সপো

উদ্বোধনে প্রধানমন্ত্রী সমাপনীতে প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

এক যুগের বেশি সময় পর ঢাকায় আবারো বসছে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের বড় প্রদর্শনী ‘বাটেক্সপো’। আগামী ১৮ ও ১৯শে নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাটেক্সপো-২০২৬’-এর রজতজয়ন্তী আসর বসবে। প্রথম দিন এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯শে নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান।

সর্বশেষ বাটেক্সপো হয়েছিল ২০১৩ সালে। এবারের প্রদর্শনীর মূল লক্ষ্য তুলে ধরে বিজিএমইএ সভাপতি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে মিল রেখে বাংলাদেশের পোশাক খাতের অভূতপূর্ব রূপান্তর, উন্নত কর্মপরিবেশের নিরাপত্তা ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, মেলায় দেশি-বিদেশি ক্রেতারা উপস্থিত থাকবেন। বাজার সম্প্রসারণ, উচ্চমূল্যের পণ্য তৈরি এবং প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মতো বিষয়গুলো এবারের মেলায় গুরুত্ব পাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে বিজিএমইএ ও এইচএসবিসি বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী ২৮ ও ২৯শে অক্টোবর হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো, হংকং ২০২৬’ হবে।

মাহমুদ হাসান বলেন, যারা সচরাচর বাংলাদেশ থেকে পণ্য কেনেন না, এমন আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদের আমাদের সক্ষমতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ১৬৭টি দেশের মধ্যে জাপান অত্যন্ত সম্ভাবনাময় একটি বাজার। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন বিজিএমইএ সভাপতি। জাপানের বাজারে অংশীদারিত্ব বাড়াতে ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজি কমিটি’ গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্র্যান্ডগুলোর সঙ্গে লিয়াজোঁ ও বাণিজ্য প্রসারে এই কমিটি কাজ করছে। এজন্য ‘বিজিএমইএ-জাপান ডেস্ক’ চালু করা হচ্ছে, যা আগামী ২২শে সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।