নিউ ইয়র্কে জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনের আগে ফের ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা নিষেধাজ্ঞা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ওপর এই নিষেধাজ্ঞা রয়েছে। সংস্কার বাস্তবায়নে ব্যর্থতা এবং শান্তির সম্ভাবনা বিনষ্ট করার অভিযোগ তুলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের কথা জানায়। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগ করেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং পিএলও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। তারা আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালতের মতো বৈশ্বিক ফোরামে ইসরাইল-ফিলিস্তিন সংকট নিয়ে গিয়ে বিষয়টিকে আন্তর্জাতিকীকরণ করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তারা বিতর্কিত ব্যক্তিদের ভাতা প্রদান অব্যাহত রেখেছে বলেও ওয়াশিংটন দাবি করেছে। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী সপ্তাহে সাধারণ অধিবেশন চলাকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেয়া হয়নি।
১৯৪৭ সালের জাতিসংঘ সদর দপ্তর চুক্তি অনুযায়ী বিদেশি কূটনীতিকদের নিউ ইয়র্কে প্রবেশের অনুমতি দিতে যুক্তরাষ্ট্র বাধ্য থাকলেও নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও চরমপন্থার অজুহাত দেখিয়ে ওয়াশিংটন ভিসা আটকে দিচ্ছে। গত বছরের অধিবেশনেও একইভাবে ফিলিস্তিনের প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। সশরীরে যোগদানে বাধা দেয়ায় গতবারের মতো এবারও মাহমুদ আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেয়ার সুযোগ দিতে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, জাতিসংঘে ফিলিস্তিন পূর্ণ সদস্য নয়, ভ্যাটিকানের মতো তারা পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় রয়েছে।
