সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী ও ইরান মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে প্রাণে বাঁচতে লোহিত সাগর দিয়ে নৌকায় করে পালাচ্ছে ইয়েমেনিরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইয়েমেন থেকে নৌকায় করে আফ্রিকায় পালানো ৭০ বছর বয়সী আহমদ হাসান আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, সমুদ্র উত্তাল ছিল, শিশুরা অসুস্থ হয়ে পড়ছিল, সবাই... সাগর পাড়ি দিয়ে আসতে অভ্যস্ত নয়।
হুতি যোদ্ধারা হাসানের গ্রামে এসে পৌঁছালে সেখানে বিমান হামলা শুরু হয়। এনিয়ে হাসান বলেন, যতই গ্রামে অবস্থান করবো ততই পরিস্থিতি খারাপ হবে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে এবং সেখানে কেনার মতো কোনো খাবার নেই।
আইওএম বলছে, সর্বশেষ ইয়েমেনে শুরু হওয়া এই সংঘাতে এক লাখের বেশি ইয়েমেনি ঘরছাড়া হয়েছেন।
হুতি নিয়ন্ত্রিত টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হাজ্জাহ প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
গত সপ্তাহে লোহিত সাগরের পুরো উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুতি যোদ্ধারা। এর জেরে সাম্প্রতিক দিনগুলোতে শত শত বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।
এদিকে হুতিরা বুধবার দাবি করেছে, তারা সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এনিয়ে যোদ্ধারা একটি ভিডিও প্রকাশ করেছে।
