নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য পারিশ্রমিকের ১০ লাখ ডলার দান করে দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। ফিলিস্তিনিদের সহায়তা এবং গাজায় ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সংগঠনগুলোকে এড শিরানের ‘লুপ’ সফরে উদ্বোধনী শিল্পী হিসেবে তিনি পেয়েছেন এই ১০ লাখ ডলার। ফিলিস্তিনের সমর্থনে মঞ্চে মন্তব্য করার পর সমালোচনার মুখে ওই সফর থেকে তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়। এরপর এ ঘোষণা দিলেন এই মার্কিন র্যাপার। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। একই সঙ্গে তিনি নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের বিলিয়নিয়ার মালিক এবং ইসরাইলের অন্যতম বিশিষ্ট দাতা রবার্ট ক্রাফটকেও নিজের অনুদানের সমপরিমাণ অর্থ দেয়ার আহ্বান জানিয়েছেন। পরে রবার্ট ক্রাফট ও এড শিরিন ১০ লাখ করে মোট ২০ লাখ ডলার অনুদান দেয়ার ঘোষণা দেন। সব মিলে ৩০ লাখ ডলার সহায়তা পাওয়ার কথা ফিলিস্তিনের। বোস্টনের বাইরে জিলেট স্টেডিয়ামে ম্যাকলমোরকে গান পরিবেশনের সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন রবার্ট ক্রাফট।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী লিখেছেন, গত ৪৮ ঘণ্টায় যা কিছু ঘটেছে, তাতে আমি আলোচনাটিকে আবার যেখানে থাকা উচিত সেখানে ফিরিয়ে আনতে চাই- ফিলিস্তিনি জনগণের কাছে। যারা এখনও নিহত হচ্ছেন, যারা এখনও সামরিক দখলদারিত্বের মধ্যে বসবাস করছেন এবং যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছেন। তিনি আরও লিখেছেন, এড শিরানের লুপ ট্যুর থেকে আমার নিট আয় ১০ লাখ ডলারের পুরোটাই ফিলিস্তিনি জনগণকে সরাসরি সহায়তা করা ছয়টি সংগঠনকে দান করব। আর আমি রবার্ট ক্রাফটকে আমার অনুদানের সমপরিমাণ অর্থ দেয়ার আহ্বান জানাচ্ছি।
ম্যাকলমোর বলেন, আমরা যেসব বিষয়ে একমত নই, সেগুলো বাদ দিয়েও হয়তো এ বিষয়ে একমত হতে পারি- ফিলিস্তিনি জীবন রক্ষা করার মতোই গুরুত্বপূর্ণ। পৃথিবীর অন্য যেকোনো মানুষের জীবনের চেয়ে একটি ফিলিস্তিনি জীবনের মূল্য কোনো অংশে কম নয়।
এর জবাবে ক্রাফট একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানান, তিনি এবং এড শিরান- দু’জনেই ‘এ অঞ্চলের মানবিক সংকট মোকাবিলায় সহায়তার জন্য’ ২০ লাখ ডলার করে দান করবেন। তবে কোন সংগঠন বা দাতব্য প্রতিষ্ঠান এই অর্থ পাবে, তা তিনি উল্লেখ করেননি। ক্রাফট বলেন, সব মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরিতে আমি আমার জীবনের বড় একটি অংশ উৎসর্গ করেছি। আমি গভীরভাবে বিশ্বাস করি, প্রতিটি মানুষের জীবন রক্ষা করার মতো মূল্যবান। তিনি বলেন, শুরুতে ম্যাকলমোর আমাকে তার অনুদানের সমপরিমাণ অর্থ দেয়ার আহ্বান জানানোর আগেই, এড আমাকে ফোন করেছিল এবং এই অঞ্চলের মানবিক সংকট মোকাবিলায় সহায়তার জন্য তার অনুদানের সঙ্গে মিলিয়ে ২০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিতে বলেছিল।
এ মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজের পরিবেশনার সময় প্রায় দুই মিনিটের বক্তব্যে ম্যাকলমোর ‘মুক্ত ফিলিস্তিন’ দেখার আকাঙ্ক্ষার কথা জানান। তিনি বলেন, আমি চাই ফিলিস্তিন মুক্ত হোক। আমি চাই এই কথাগুলো এত জোরালো ও স্পষ্ট হোক, যাতে গাজা থেকে অধিকৃত পশ্চিম তীর পর্যন্ত মানুষ জানতে পারে- আমরা তাদের ভুলে যাইনি। তার ওই বক্তব্যের পর ইসরাইলি-আমেরিকান কাউন্সিল তাকে এড শিরানের সফর থেকে বাদ দেয়ার দাবি জানিয়ে একটি আবেদন চালু করে। পরদিন মঞ্চে আবার ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান ম্যাকলমোর। অনুষ্ঠানে উপস্থিত ইহুদি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ইসরাইলের সমালোচনা, বর্ণবৈষম্যমূলক ব্যবস্থার সমালোচনা কিংবা গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেয়া কোনোভাবেই আপনাদের সমালোচনা নয়। আমার বার্তা শান্তি ও ভালোবাসার জন্য, সব মানুষের সঙ্গে মর্যাদা, সম্মান ও সমতার সঙ্গে আচরণ করার জন্য।
