যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে সরানোর অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয় মার্কিন হাউজে। এই বিষয়ে ভোটাভুটি পিছিয়ে দিতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের অধিবেশন নির্ধারিত সময়ের আগেই মুলতবি ঘোষণা করেছেন স্পিকার মাইক জনসন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের সাত সপ্তাহের প্রচারণায় অংশ নিতে আইনপ্রণেতাদের আগেভাগে ওয়াশিংটন ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন।
পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলার কথা থাকলেও বুধবার সন্ধ্যায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা সংক্রান্ত বিল পাসের পর দ্রুত কার্যক্রম শেষ করা হয়। নভেম্বর নির্বাচনের আগে হাউস সদস্যরা আর ওয়াশিংটনে ফিরছেন না। রিপাবলিকান পার্টিরই এক আইনপ্রণেতা থমাস ম্যাসি ইরান যুদ্ধের পরিস্থিতি ও ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার ঘটনায় হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে এই অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। বিশেষ পদ্ধতিগত সুবিধার কারণে প্রস্তাবটি কয়েক দিনের মধ্যেই ভোটাভুটিতে তুলতে বাধ্য হতেন নেতারা, যা থেকে বাঁচতেই অধিবেশন মুলতবি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ম্যাসির আনা ৩৪ পৃষ্ঠার অভিশংসন প্রস্তাবে অভিযোগ করা হয়, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সেনা মোতায়েন রেখে এবং তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে মাদকবিরোধী অভিযানের আড়ালে ভেনিজুয়েলার সরকারপ্রধানকে আটক করে মার্কিন সংবিধানের গুরুতর লঙ্ঘন করেছেন প্রতিরক্ষামন্ত্রী।
