জ্বালানির চাহিদা বাড়ায় বাংলাদেশের প্রয়োজন মেটাতে আরও ডিজেল সরবরাহ করেছে ভারত। গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে। এটি পাইপলাইনের মাধ্যমে পাঠানো ডিজেলের ৭২তম চালান।
দিনাজপুরের পার্বতীপুর রেল ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম জানান, ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় ডিজেল সরবরাহ শুরু হয় এবং ১৫ সেপ্টেম্বর তা শেষ হয়েছে।
২০১৮ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ১৫ বছরে বাংলাদেশকে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানি করার কথা রয়েছে। ২০২৩ সালের মার্চে পাইপলাইনটি চালু হওয়ার পর থেকে এর মাধ্যমে বাংলাদেশ মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে।
২০২৩ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপি) উদ্বোধন করেন। এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরও হাসিনা-মোদি ২০১৮ সালের সেপ্টেম্বরে যৌথভাবে স্থাপন করেছিলেন।
ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ২০১৫ সাল থেকে বাংলাদেশে পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ করে আসছে। ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে এটি দ্বিতীয় আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠেছে।
আইবিএফপি হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। এর মাধ্যমে বছরে ১০ লাখ মেট্রিক টন (এমএমটিপিএ) হাই স্পিড ডিজেল (এইচএসডি) বাংলাদেশে পরিবহনের সক্ষমতা রয়েছে।
চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে সরবরাহ সংকটের কারণে বাংলাদেশ যখন জ্বালানি সংকটে পড়েছিল, তখন এই পাইপলাইনের মাধ্যমে ১৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।
এরপর জুলাইয়ে ভারত থেকে আরও ৮ হাজার টন পরিশোধিত ডিজেল আমদানি করে বাংলাদেশ। এর আগে মার্চে ১৭ হাজার টন, এপ্রিলে ২৫ হাজার টন এবং মে মাসে ৮ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছিল।
চলতি বছরের আগস্টে বাংলাদেশ অতিরিক্ত পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ জানায়। সেই অনুরোধে ভারত সাড়া দিয়েছে।
ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে বাংলাদেশে এলো ৪৭ লাখ লিটার ডিজেল
মানবজমিন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ৩১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
