ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি আরব সমর্থিত সরকারি বাহিনী ও ইরান মদদপুষ্ট হুতিদের মধ্যে কয়েকটি ফ্রন্টে থেমে থেমে তুমুল সংঘর্ষ চলছে। একই সময়ে ওই এলাকায় বিমান হামলাও চালানো হচ্ছে বলে ইয়েমেনের সামরিক সূত্রগুলো জানিয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, দেশটির পূর্ব আল-বালাকে তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে সংঘর্ষের সূচনা হয়। আল জাজিরাকে সূত্রগুলো জানায়, হুতিরা সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে সরকারি বাহিনীর সদস্যরা সেই হামলা প্রতিহত করতে সক্ষম হন।
সরকারি বাহিনীর দাবি, হুতিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাহবুব পর্বতমালায় আরও অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বাব আল-মানদেব প্রণালির ওপর নজরদারি করা এই পাহাড়ি এলাকা দখলে নিতে পারলে হুতিরা কৌশলগতভাবে আরও সুবিধাজনক অবস্থানে চলে যাবে।
বিশেষ করে প্রণালির কেন্দ্রস্থলে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপ এবং মোখা শহরের দক্ষিণে ধুবাব জেলা দখলে নেয়ার পর হুতিদের এই অগ্রযাত্রা তাদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করছে সরকারি বাহিনী।
এদিকে, তাইজের দক্ষিণাঞ্চলীয় গ্রামাঞ্চলেও বড় ধরনের হুতি হামলা প্রতিহত করেছে সরকারি বাহিনী। বর্তমানে ওই এলাকাটিকেই ইয়েমেনের সবচেয়ে অস্থির যুদ্ধফ্রন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।
নতুন করে শুরু হওয়া তীব্র সংঘাতের কারণে দেশটিতে মানবিক সংকটও আরও গভীর হচ্ছে। সংঘাত থেকে বাঁচতে মানুষ দলে দলে তাইজ ও লাহজ প্রদেশের গ্রামাঞ্চলে আশ্রয় নিচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, চলমান সংঘাতের সর্বশেষ এই দফা উত্তেজনা শুরুর পর থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ২৫ হাজারে পৌঁছেছে।
সংস্থাটি মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে সতর্ক করেছে। বিশেষ করে সংঘাত আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
