ইরানের বিরুদ্ধে তেল আবিব-ওয়াশিংটনের শুরু করা যুদ্ধ নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে জার্মানিতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কয়েকটি আরব দেশের সামরিক কমান্ডারদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসরাইলি কর্মকর্তারাই বৈঠকের বিস্তারিত ফাঁস করেছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।
ইসরাইলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমানে সাংবাদিক বারাক রাভিদের অ্যাক্সিওস-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই ‘ব্যক্তিগত বৈঠক’ আয়োজন করেন।
দুই ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে রাভিদ জানান, বৈঠকে ইসরাইল, সৌদি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিশরের সামরিক বাহিনীর প্রধানরা অংশ নেন।
ছয় মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এ ধরনের এটিই প্রথম বৈঠক। আঞ্চলিক কোনো দেশ প্রকাশ্যে বৈঠকটির বিষয়টি নিশ্চিত করেনি। তবে সেন্টকম বৈঠকটির কথা স্বীকার করেছে।
এক বিবৃতিতে তারা জানায়, জার্মানিতে নির্ধারিত একটি সম্মেলনে আটটি দেশের জ্যেষ্ঠ সামরিক নেতাদের আতিথ্য দিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের সুযোগ’ নিয়ে নেতারা আলোচনা করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে কুপার আঞ্চলিক দেশগুলোকে বলেন, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আক্রান্ত হলেও ওয়াশিংটন এ অঞ্চল থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে না।
সেন্টকম কমান্ডার আরও বলেছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাড়ানোর একটি ‘পরিকল্পনা’ যুক্তরাষ্ট্রের রয়েছে।
রাভিদকে এক ইসরাইলি কর্মকর্তা বলেন, বৈঠকে ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আইয়াল জামির আঞ্চলিক সামরিক অভিযান সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
বৈঠকের পর ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের (ইউএসইউকম) দায়িত্বের আওতা থেকে সরিয়ে সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় নেয়া হয়। এর ফলে মার্কিন সামরিক কমান্ডের অধীনে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইসরাইলের আরও সরাসরি সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।
এই খবরের প্রতিক্রিয়ায় লন্ডনের কিংস কলেজের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ বলেন, উপসাগরীয় আরব দেশগুলোর রাজধানীগুলোতে সেন্টকম কমান্ডার ব্র্যাডলি কুপারকে নিয়ে ‘গভীর সন্দেহ’ রয়েছে।
তার ভাষ্য, তাকে এমন একজন কমান্ডার হিসেবে দেখা হয়, যিনি ইসরাইলের অত্যন্ত ঘনিষ্ঠ, ইরানের বিষয়ে খুবই কট্টর অবস্থানের এবং যিনি নিয়মিত প্রেসিডেন্টের সামনে এমন সামরিক অভিযান পরিচালনার বিকল্প তুলে ধরেন, যা কৌশলগতভাবে বিপর্যয়কর।
