সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে মুহুর্মুহু হামলা, ব্যাপক ধ্বংসযজ্ঞ

দাবি হুতির

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে মুহুর্মুহু হামলা, ব্যাপক ধ্বংসযজ্ঞ

ফন্ট সাইজ:

ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিরা সৌদি আরবের ইয়ানবুতে আরামকোর একটি স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হুতিরা দাবি করেছে, সৌদি গত ১২ বছর ধরে ইয়েমেন ও আমাদের জনগণের বিরুদ্ধে ‘অন্যায় আগ্রাসন ও নিপীড়নমূলক অবরোধ’ চালিয়ে যাচ্ছে। চলতি সপ্তাহে এই আগ্রাসন আরও তীব্র হয়েছে এবং ইয়েমেনের অধিকাংশ প্রদেশে ৪৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে সৌদি।

এনিয়ে হুতিরা তাদের বিবৃতিতে জানিয়েছে, এর জবাবে ইয়েমেনের বিদ্রোহী বাহিনী দুটি ‘গুণগত সামরিক অভিযান’ পরিচালনা করেছে।
প্রথম অভিযানে ইয়ানবুতে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়।
হামলাগুলো ‘সুনির্দিষ্ট ও সরাসরি’ ছিল এবং এতে ওই স্থাপনায় বড় ধরনের আগুন ও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে হুতিরা।
দ্বিতীয় অভিযানে খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ হামলাও সুনির্দিষ্ট ছিল বলে দাবি করেছে হুতি।

গোষ্ঠীটির বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশ ও জনগণকে রক্ষায় সামরিক অভিযান চালিয়ে যাবে। সৌদির গভীরে অভিযান অব্যাহত রেখে দেশটির সেনা সমাবেশ ও অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
তবে বিবৃতিতে দাবি করা হামলাগুলোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।