আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের কূটনীতিক সাদ আহমাদ ওয়ারাইচকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।
এনিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর ইউনিটগুলোর ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ কারণে এই সংঘর্ষ ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভারতের মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি নৌযানের এই আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, কৌশলগত অনুশীলন ও সেনা চলাচলের বিষয়ে আগাম নোটিশ-সংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে চলাফেরা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান প্রাসঙ্গিক চুক্তির বিধান মেনে চলার প্রয়োজনীয়তার কথা জানাতে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পরামর্শ দেয়া হয়েছে।’
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও ভারতের এই বার্তা পৌঁছে দিতে পাকিস্তানি কূটনীতিককে নির্দেশ দেয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেয়া হয়েছে।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতীয় নৌবাহিনীর একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজের খুব কাছে চলে আসে পাকিস্তানি একটি নৌযান। ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে ভারতীয় জাহাজটির পাশ দিয়ে যাওয়ার সময় পাকিস্তানি নৌযানটি ‘ঘেঁষে’ যায়।
সূত্রগুলো জানায়, পাকিস্তানি নৌযানটি উচ্চগতিতে এগিয়ে আসে এবং অনিরাপদ ও অপেশাদার কায়দায় দিক পরিবর্তন করতে থাকে। এর ফলে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সূত্রের ভাষ্য, ‘ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’ তবে সংঘর্ষে জড়িত দুই নৌযানের সুনির্দিষ্ট পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের হুনাইন শ্রেণির একটি করভেটের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়েছে।
