সৌদি আরবের যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের

স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে

সৌদি আরবের যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের

ফন্ট সাইজ:

ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, সম্পূর্ণ স্থানীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, মারিব প্রদেশের আকাশসীমায় সামরিক তৎপরতা চালানোর সময় সৌদি আরবের ওই যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হয়।

তিনি বলেন, দেশের ওপর চালানো আগ্রাসনের জবাবে তাদের সশস্ত্র বাহিনী বিমানটি সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মারিবের উত্তর-পশ্চিমাঞ্চলের হেলান পর্বতের কাছে যুদ্ধবিমানটি গুলি করে নামানো হয়। তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।