কক্সবাজারের চকরিয়ায় দুই স্কুল ছাত্রী ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার তারা বিদ্যালয়ে গিয়ে ছুটির পর আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খবর নিয়েও তাদের কোনো সন্ধান পায়নি পরিবার। অবশেষে মঙ্গলবার চকরিয়া থানায় জিডি করেছে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার। নিখোঁজ শিক্ষার্থীরা হলো—উপজেলার কাকারা ইউনিয়নের কাকারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির জান্নাতুল ফেরদৌস ও তসলিমা আক্তার।
তারা ওই ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মিজানুর রহমান ও মোহাম্মদ বাহাদুর মিয়ার মেয়ে।
তসলিমা আক্তারের বাবা মোহাম্মদ বাহাদুর মিয়া বলেন, ‘রোববার সকালে আমার মেয়ে ও তার বান্ধবী জান্নাতুল ফেরদৌস বিদ্যালয়ে যায়। কিন্তু ছুটির পর তারা আর বাড়িতে ফেরেনি।’
নিখোঁজের বিষয়ে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুই স্কুল ছাত্রীর পরিবার থেকে পৃথক দু’টি জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।’
