গাজায় আবাসিক ভবন ধস, নিহত অন্তত ১২

গাজায় আবাসিক ভবন ধস, নিহত অন্তত ১২

ফন্ট সাইজ:

গাজার একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়েছে। এতে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কয়েক ডজন মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, সাততলা বিশিষ্ট ওই আবাসিক ভবনটি রাতের আঁধারে হঠাৎ ধসে পড়ে। এতে পাঁচ শিশুসহ অন্তত ১২ জন নিহত হন এবং আরও ১৪ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন। ধসে পড়া ভবনে অন্তত ছয়টি পরিবার ছিলো বলে জানান প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

যাচাইকৃত ভিডিওচিত্রে দেখা যায়, একটি শিশুকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসছে উদ্ধারকারী দল। ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেছে। অন্য একটি ভিডিওতে দেখা যায় এক কিশোরীকে জীবিত টেনে তোলা হচ্ছে এবং বেশ কয়েকজন ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসছেন। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম জানায়, ভবনটি ইসরাইলের বোমা হামলায় আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল। ধসের আগেই ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছিল। উল্লেখ্য, গাজায় কোনো প্রকার নির্মাণ সামগ্রী ও ভারী উদ্ধার সরঞ্জাম প্রবেশ করতে দেয় না ইসরাইলি দখলদার বাহিনী। ফলে হাজার হাজার ফিলিস্তিনিকে হয় অস্বাস্থ্যকর তাঁবুতে বাস করতে হচ্ছে, নয়তো ঝুঁকি নিয়ে বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনেই থাকতে হচ্ছে।