যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত এবং আরও দুজন আহত হন। হেলিকপ্টারটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়েছিলো। শহরটির অগ্নিনির্বাপক বাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস নিশ্চিত করেছে বিধ্বস্ত আকাশযানটি তাদের ‘নিউজচপার ৪’। এটি স্থানীয় সময় মঙ্গলবার চ্যাটসওয়ার্থ এলাকায় একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার সংবাদ সরাসরি সম্প্রচার করছিল। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী স্থানে হেলিকপ্টারটি আছড়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় এবং তা দ্রুত চারপাশের চারটি গাড়ি ও দুটি কনটেইনারে ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক বাহিনীর ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান জানান, একজন ব্যক্তি হেলিকপ্টারের বাইরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এনবিসি ফোর-এর উপস্থাপক কলিন উইলিয়ামস সরাসরি সম্প্রচারে সহকর্মীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই এলাকায় একটি বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছিলেন। সেই ঘটনার সংবাদ পরিবেশনের সময়ই মর্মান্তিক এই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে।