বই পড়লে টাকা দিবে সিঙ্গাপুর

ডুমস্ক্রলিং বন্ধে পদক্ষেপ

বই পড়লে টাকা দিবে সিঙ্গাপুর

ফন্ট সাইজ:

অদ্ভুত এক সমস্যায় ভুগছে বিশ্ববাসী। স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হবার পর প্রায় সকলের হাতেই রয়েছে ডিভাইস। আর এই ডিভাইসেই বুঁদ হয়েছে শিশু-যুবা-বৃদ্ধা। ঘণ্টার পর ঘণ্টা তারা কাটাচ্ছে স্মার্টফোনের পর্দায় অর্থহীন স্ক্রল বা ডুমস্ক্রলিং করে। এমন পরিস্থিতিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। স্মার্টফোনে আসক্তি কমাতে নাগরিকদের দিনে অন্তত ১৫ মিনিট বই পড়ার জন্য অর্থ দেয়ার অভিনব উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। চলতি মাসে চালু হওয়া এই গ্যামিফিকেশন প্রকল্পের মাধ্যমে নাগরিকদের মনোযোগ, সমালোচনামূলক চিন্তা এবং কল্পনাশক্তির বিকাশ ঘটবে বলে আশা করছে ধনী এই নগর রাষ্ট্র। এ খবর দিয়েছে গার্ডিয়ানের।

এই কর্মসূচির আওতায় বই পড়লে পাঠকরা ভার্চুয়াল পয়েন্ট পাবেন, যা পরবর্তীতে নগদায়ন করা যাবে। দিনে অন্তত ১৫ মিনিট বা তার বেশি সময় বই পড়লে দেয়া হবে ২০টি ভার্চুয়াল কয়েন। সরকারি ওয়েবসাইটে টানা ৫০ দিন পাঠের তথ্য নথিভুক্ত করে এক হাজার কয়েন জমালে এক সিঙ্গাপুরি ডলার পাওয়া যাবে। একজন নাগরিক দিনে কেবল একটি পাঠ সেশনের তথ্য যুক্ত করার সুযোগ পাবেন।

সিঙ্গাপুরের জাতীয় গ্রন্থাগার বোর্ডের প্রধান মেলিসা ট্যাম জানান, তথ্যের অতিরিক্ত প্রাচুর্যের এই যুগে মানুষ সহজেই মনোযোগ হারাচ্ছে। বাসে চলাচলের সময়, খাওয়ার বিরতিতে বা রাতে ঘুমানোর আগে দিনে মাত্র ১৫ মিনিট বই পড়ার অভ্যাস গড়তেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও সরকার তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমাতে স্মার্টফোনের দৈনিক ব্যবহারের সময়সীমা বেঁধে দেয়ার কথাও বিবেচনা করছে।

নাগরিকদের দৈনন্দিন আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে সিঙ্গাপুর সরকারের এমন আর্থিক প্রণোদনা নতুন নয়। এর আগে সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে নিয়মিত হাঁটা ও নির্দিষ্ট পদক্ষেপের লক্ষ্য পূরণের জন্য সুপারমার্কেট ভাউচার ও পুরস্কার দেয়ার কর্মসূচিও নেয়া হয়েছিল।