সাফের উদ্বোধনীতে ভারত-পাকিস্তান লড়াই

সাফের উদ্বোধনীতে ভারত-পাকিস্তান লড়াই

ফন্ট সাইজ:

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে আগামী ৫ই নভেম্বর। গতকাল ১৫তম আসরের দিনক্ষণ ও সময় প্রকাশ করে সাফ কর্তৃপক্ষ। উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। পল্টন জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে রাত ৮টায়। তার আগে বিকাল ৩টায় একই মাঠে ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই দিয়ে এবারের আসরের পর্দা উঠবে। গত আগস্টে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়। সেই সময়ই এবারের আসরে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে যায়। গ্রুপ ‘এ’ তে হামজা-শমিতরা খেলবেন শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে। অন্যদিকে গ্রুপ ‘বি’তে ভারত, পাকিস্তানের সঙ্গী দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। সূচি অনুযায়ী, ৫ই নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। চারদিন পর গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বিতা করবে লাল-সবুজ প্রতিনিধিরা। গ্রুপ ‘এ’ এর শ্রীলঙ্কা-ভুটান ম্যাচটি হবে ৮ই নভেম্বর। গ্রুপ ‘বি’ এর লড়াই শুরু ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে।

এরপর ৮ই নভেম্বর পাকিস্তানের প্রতিপক্ষ মালদ্বীপ। ১১ই নভেম্বর গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে ভারত। গ্রুপ ‘এ’ এর ম্যাচগুলো হবে রাত ৮টা এবং গ্রুপ ‘বি’ এর ম্যাচগুলো মাঠে গড়াবে বিকাল সাড়ে ৩টায়। গ্রুপ পর্বের লড়াই শেষে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। যেখানে বিকেল তিনটায় গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ ‘এ’ রানার্সআপের বিপক্ষে এবং রাত সাড়ে আটটায় লড়বে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘বি’ রানার্সআপ দল। এরপর ১৭ নভেম্বর রাত আটটায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে নির্ধারিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের নতুন সম্রাট। এই সূচিতে পরিবর্তনের সুযোগ রয়েছে।

ফিফার নিষেধাজ্ঞায় থাকায় আগস্টের ড্র-তে রাখা হয়নি নেপালকে। আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে যদি নেপালের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়, তবে তাদের অন্তর্ভুক্ত করা হবে বাংলাদেশের ‘এ’ গ্রুপে। সে ক্ষেত্রে ৪ঠা নভেম্বর থেকে প্রকাশ করা হবে সম্পূর্ণ নতুন টুর্নামেন্ট সূচি। ২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফের ঐতিহাসিক শিরোপা উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ। প্রায় দুই যুগ পর ফের নিজেদের চেনা আঙিনায সুখস্মৃতি ফিরিয়ে আনার সেরা সুযোগ বাংলাদেশের ফুটবলারদের সামনে।

তারিখ সময় ম্যাচ
৫ই নভেম্বর বিকেল ৩:৩০ ভারত বনাম পাকিস্তান
৫ই নভেম্বর রাত ৮:০০ বাংলাদেশ বনাম ভুটান
৮ই নভেম্বর বিকেল ৩:৩০ মালদ্বীপ বনাম পাকিস্তান
৮ই নভেম্বর রাত ৮:০০ শ্রীলঙ্কা বনাম ভুটান
১১ই নভেম্বর বিকাল ৩:৩০ ভারত বনাম মালদ্বীপ
১১ই নভেম্বর রাত ৮:০০ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ই নভেম্বর বিকাল ৩:০০ প্রথম সেমিফাইনাল
১৪ই নভেম্বর রাত ৮:৩০ দ্বিতীয় সেমিফাইনাল
১৭ই নভেম্বর রাত ৮:০০ ফাইনাল