টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি

ফন্ট সাইজ:

এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, এশিয়ান গেমস শুরুর আগেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার কথা বোর্ডকে জানান এ উইকেটরক্ষক-ব্যাটার। গতকাল জাপান থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বোর্ডকে জানান জ্যোতি। কারণ হিসেবে ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের ব্যাটিং ও উইকেটকিপিংয়ে বেশি মনোযোগ দেয়ার কথা জানান তিনি।

২০২২ সালে দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন নিগার। তার নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় তুলে নেয় বাংলাদেশ। ওই টুর্নামেন্টে ব্যাট ও গ্লাভস হাতে দারুণ অবদান রাখেন জ্যোতি। চার ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসাল করেন তিনি। ২০২৬ সালের শুরুতে জ্যোতির নেতৃত্বে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কিন্তু দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার, স্কটল্যান্ড-নেদারল্যান্ডস ত্রিদেশীয় সিরিজে সেভাবে ভালো করতে পারেননি। এরপর বিশ্বকাপে পাঁচ ম্যাচের দুটিতে জয় পাওয়ায় নেতৃত্ব নিয়ে সমালোচনার মুখে পড়েন।