নাকভির সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের ‘খোশগল্পে’ সমালোচনার ঝড়

ফন্ট সাইজ:

দুবাইয়ে নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের দারুণ পারফরম্যান্স ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি বয়কটের ঘটনা এবং পরবর্তীতে ভারতীয় বোর্ডের দুই কর্তার খোশগল্প। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নিলেও তার সঙ্গে হাসিমুখে আড্ডায় মেতে ওঠায় সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। একই কারণে গত বছর ছেলেদের এশিয়া কাপের পরও ট্রফি নেননি সূর্যকুমার যাদবরা। এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদমাধ্যমকে জানান, পেহেলগাম হামলা ও দুই দেশের সামরিক সংঘাতের প্রেক্ষাপটে দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয়া কোনো নেতার কাছ থেকে ট্রফি নেয়া সম্ভব নয়। এমনকি বিকল্প হিসেবে এসিসির সহ-সভাপতি খালিদ আলীর মাধ্যমে ট্রফি দেয়ার অনুরোধ করলেও তা মানা হয়নি। সাইকিয়ার ভাষ্য, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ না নিয়ে আমরা পেহেলগামে হামলার শিকার মানুষদের প্রতি সম্মান জানিয়েছি।’

এদিকে ট্রফি বয়কট করলেও ফাইনালের সময় রয়্যাল বক্সের ব্যালকনিতে দেবজিৎ সাইকিয়া এবং বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লাকে মহসিন নাকভির সঙ্গে হাসোজ্জ্বল ও আন্তরিক কথোপকথনে দেখা যায়। সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় দ্বিচারিতা ও ভণ্ডামির অভিযোগ।
সমালোচনার মুখে বার্তা সংস্থা আইএএনএস ও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাফাই গেয়েছেন বিসিসিআই কর্তারা। দেবজিৎ সাইকিয়া দাবি করেন, ‘ম্যাচের সময় অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তিনি (নাকভি) এসে ডেপুটি চেয়ারম্যান খালিদ সাহেবের পাশে বসেন। এটা সম্পূর্ণ রুটিন ও পেশাগত একটি সাধারণ কথোপকথন।’ একই সুর শোনা যায় রাজিব শুক্লার গলাতেও। তিনি বলেন, ‘এটি স্রেফ রুটিন আলোচনা, যা নিয়ে এত সমালোচনা হওয়া উচিত নয়।’

এদিকে সাইকিয়া জানান, নাকভি ট্রফি তুলে দিলে যে ভারতীয় মেয়েরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবে না, তা আগেই এসিসিকে জানানো হয়েছে। এ বিষয়ে স্বদেশী সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, ‘আমরা এসিসির সঙ্গে যোগাযোগ করেছি এবং আমি ব্যক্তিগতভাবে এসিসি চেয়ারম্যানকে জানিয়েছি, পুরুষ ক্রিকেট দলের ক্ষেত্রে যেমনটা করা হয়েছিল, একইভাবে ট্রফি দেয়া হলে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেব না। তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করায় আমাদের সামনে কোনো বিকল্প ছিল না।’