বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে তালহা জুবায়েরের দায়িত্বের মেয়াদ বাড়ছে। আগামী বছর অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি। বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছাড়েন। এরপর জিম্বাবুয়ে সিরিজ ও সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন তালহা জুবায়ের। আগামী মাসে আফগানিস্তান সিরিজে দলের সঙ্গে থাকবেন তালহা। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দায়িত্ব পালন করবেন তিনি। একইভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে থাকবেন তালহা। জানা গেছে, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন তিনি।
ফিল্ডিং ও ব্যাটিং কোচও বহাল
ফিল্ডিং কোচ হিসেবে আপাতত আশিক মজুমদারই দায়িত্বে থাকছেন। তবে তার চুক্তির মেয়াদ কতদিনের, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এদিকে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে নিয়েও সম্প্রতি আলোচনা তৈরি হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের পর তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে আশরাফুলই ব্যাটিং কোচ হিসেবে থাকছেন। তবে জাতীয় দলের কোচিং স্টাফে একজন সহকারী কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আলোচনা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
