পোশাক বিতর্কে দিশা

পোশাক বিতর্কে দিশা

ফন্ট সাইজ:

ভারতীয় ঐতিহ্যবাহী রাখিবন্ধন উৎসবের বিজ্ঞাপনে পোশাকের কারণে কৃতি শ্যাননকে ঘিরে বিতর্ক থিতিয়ে আসার আগেই এবার নতুন করে ধর্মীয় অনুষ্ঠানে পোশাক বিতর্ক উস্কে দিলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। আম্বানি পরিবারের জমকালো গণেশ পুজোয় তার পরিহিত একটি পোশাক নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক।
প্রতিবারের মতো এবারো আম্বানিদের ঐতিহ্যবাহী গণেশ উৎসবে উপস্থিত ছিলেন বলিপাড়ার প্রথম সারির তারকারা। বেশির ভাগ তারকাকেই দেখা গেছে মার্জিত সাজে। তবে সে ভিড়ে সম্পূর্ণ ভিন্ন লুকে নজরে আসেন দিশা। উজ্জ্বল লাল রংয়ের একটি লেহেঙ্গা পরে অনুষ্ঠানে হাজির হন তিনি। হালকা মেকআপ আর মিষ্টি হাসিতে নজর কাড়লেও, বিতর্ক তৈরি হয় তার গভীর কাট বা ‘ডিপ-নেক’ ব্লাউজ ঘিরে।

উৎসবের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে তোপ দাগতে শুরু করেন নেটিজেনদের একাংশ। গণেশ পুজোর মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে দিশার এমন খোলামেলা পোশাক পরাকে অনেকেই ‘অসংবেদনশীল’ ও ‘রুচিহীন’ বলে মন্তব্য করছেন। একজন কৃতির প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে লিখেছেন, কৃতি শ্যাননকে যারা ট্রোল করেছিলেন, তারা এবার এটা দেখে কী বলবেন? আবার অন্য একজন মন্তব্য করেছেন, উৎসব যাই হোক না কেন, ওর ব্লাউজের ধরন একই থাকে। ঢাকা পোশাকে যেন আসতেই পারেন না।’ তবে পোশাক ঘিরে এই তুমুল কটাক্ষ ও সমালোচনার বিষয়ে এখনো পর্যন্ত দিশা পাটানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।