প্রবীণ শিল্পীদের জন্য নতুন উদ্যোগ নেয়া হয়েছে। ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ ও সুপারশপ ‘স্বপ্ন’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় সংঘের ২৫ জন প্রবীণ ও সম্মানিত সদস্যরা যেকোনো আউটলেট থেকে প্রতি মাসে বিনামূল্যে ৫ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারবেন। সোমবার (১৪ই সেপ্টেম্বর) সংঘের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো আর্থিক সহায়তা নয়। বরং নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদান রাখা প্রবীণ ও গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সম্মানজনক উদ্যোগ।
সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, চুক্তি অনুযায়ী অভিনয় শিল্পী সংঘের ২৫ জন সদস্য বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারবেন। এ ছাড়া ৬০ বছরের বেশি বয়সের শিল্পীরা ৭ শতাংশ এবং সকল সদস্য ৫ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন। তিনি জানান, ভবিষ্যতে অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ ধরনের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সুপারশপ ‘স্বপ্ন’র উদ্যোগকে সাধুবাদ জানান বর্তমান নির্বাহী কমিটির সদস্যরা। অনুষ্ঠানে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির নেতৃবৃন্দ, প্রবীণ সদস্যরা এবং ‘স্বপ্ন’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
