চলে গেলেন তরুণ নির্মাতা সজীব

চলে গেলেন তরুণ নির্মাতা সজীব

ফন্ট সাইজ:

ছোট পর্দার জনপ্রিয় নাটক ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আঁধার’ কিংবা ‘বিকেল বেলার ছাদ’- চলে গেলেন এমন অনেক চমৎকার কাজের তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব। তার হঠাৎ প্রয়াণে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল রোজ মঙ্গলবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি...রাজিউন)। সজীবের চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সহকর্মীরা স্মৃতিচারণ ও শোক প্রকাশ করেন। অভিনেত্রী তাসনুভা তিশা লেখেন, সজীব ভাইয়ের আন্তরিকতা ও অমায়িক ব্যবহার সবসময় মনে রাখার মতো।

তিনি শুধু একজন গুণী পরিচালকই ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন অতুলনীয়। সহকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক পোস্টে লেখেন, আমাদের প্রিয় নির্মাতা সজীব আর নেই। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নির্মাতা সজীব দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। তার ওপেন হার্ট সার্জারিও হয়েছিল। তবে সম্প্রতি চিকিৎসা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে চলেই গেলেন তিনি। গতকাল বাদ জোহর জানাজা শেষে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।