সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, সিলেট সদরসহ দেশের বিভিন্ন এলাকা এবং বিদেশে মাদ্রাসা ও এতিমখানার নামে চাঁদা সংগ্রহের অভিযোগ উঠেছে নাসির উদ্দিন নামের এক প্রতারকের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহত্তর সারীঘাট এলাকাবাসীর উদ্যোগে সোমবার বিকেল ৫টায় স্থানীয় জামেয়া কুরআনিয়া সারীঘাট মাদ্রাসায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বৃহত্তর সারীঘাট এলাকাবাসীর আয়োজনে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জামিয়া কুরআনিয়া সারীঘাট মাদ্রাসায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে অভিযোগের বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে জামিয়া কুরআনিয়া সারীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাবাসী অভিযোগ করেন, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে মাদ্রাসা ও এতিমখানার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আসছেন। তিনি গোয়াইনঘাটসহ আশপাশের বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের কাছ থেকেও চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ করা হয়।
তাদের দাবি, ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ যাতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে, সে বিষয়ে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রতারক নাসির উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
