রাহুল গান্ধীর অভিযোগ, মোদি আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছেন

ইউপিআই চার্জের নির্দেশনা

রাহুল গান্ধীর অভিযোগ, মোদি আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছেন

ফন্ট সাইজ:

কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মোদি সরকার তার সর্বশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নীরবে ইউপিআই চার্জের পথ খুলে দিচ্ছে। তিনি দাবি করেছেন, আপোষকামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও আমেরিকার চাপের কাছে আত্মসমর্পণ করছেন।
মঙ্গলবার এক্স-এ হিন্দিতে করা পোস্টে রাহুল গান্ধী বলেন, সরকার নীরবে ইউপিআই-এর ওপর ফি আরোপের পথ প্রশস্ত করেছে। তিনি বলেন, এখন, ২ হাজার রুপির বেশি মার্চেন্ট ইউপিআই লেনদেনের ওপর এমডিআর আরোপ করা যেতে পারে। এই লেনদেনগুলি মোট লেনদেনের মাত্র ৫ শতাংশ হলেও, এগুলি ইউপিআই-এর মোট লেনদেন মূল্যের প্রায় ৬৫ শতাংশ।

তিনি বলেন, আমেরিকান পেমেন্ট কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ভারতের জিরো-এমডিআর নীতির বিরোধিতা করে আসছে এবং অভিযোগ করেন যে সরকার এখন সেই দিকে নীতি পরিবর্তনের পথ খুলে দিয়েছে।
সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডাররা ২,০০০ রুপি পর্যন্ত ইউপিআই পেমেন্ট বা রুপে ডেবিট কার্ড পেমেন্টের জন্য কোনো চার্জ নিতে পারবে না।

কংগ্রেসের মতে, এই পদক্ষেপটি প্রশ্ন তুলেছে যে এর চেয়ে বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর চার্জ আরোপের অনুমতি দেয়া হচ্ছে কি না। দলটির দাবি, এই পরিবর্তনের ফলে শেষ পর্যন্ত ডিজিটাল পেমেন্টের জন্য ব্যবহারকারীদের অর্থ প্রদান করতে হতে পারে। এই ভাবে সরকার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে “খুশি” করার জন্য আমেরিকান সংস্থাগুলোর জন্য এই খাতটি খুলে দিচ্ছে কিনা, এই প্রশ্ন উঠেছে।

এদিকে কেন্দ্র এখনও পর্যন্ত বলেনি যে ২ হাজার রুপির বেশি মার্চেন্ট ইউপিআই লেনদেনের ওপর চার্জ প্রযোজ্য হবে কিনা। এখন পর্যন্ত, লেনদেনের পরিমাণ নির্বিশেষে ইউপিআই লেনদেনের ওপর কোনো চার্জ আরোপ করা হয়নি।