বাকস্বাধীনতা চর্চা করলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়া হচ্ছে: টিআইবি

বাকস্বাধীনতা চর্চা করলে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়া হচ্ছে: টিআইবি

ফন্ট সাইজ:

ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘এখন মামলার সংখ্যা বিগত বছরের তুলনায় বেড়েছে। ৮৯ জনকে আটক করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে। বাকস্বাধীনতার চর্চার কারণে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়া হচ্ছে; আটক করা হয়—এটি ২৪ পরবর্তী বাংলাদেশের কাছে প্রত্যাশিত ছিল না।’ মঙ্গলবার ঢাকার টিআইবি কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নারী, কন্যাশিশু ও মানুষের জীবনের নিরাপত্তা ও নিরাপত্তাহীনতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি যৌক্তিক কারণেই হয়তোবা এখনও আগের মতো স্বাভাবিকতায় ফিরে আসেনি। পুলিশ পুরোপুরি তাদের জায়গায় সঠিকভাবে দাঁড়াতে পারেনি। তা সত্ত্বেও বেশ কিছু বিষয়ে আমাদেরকে উদ্বিঘ্ন হতে হয়—নারী, কন্যাশিশুর প্রতি সহিংসতার ঘটনা অন্তত ১,৭৩০-এর বেশি ঘটেছে। যার মধ্যে ৫০৩টি ধর্ষণের ঘটনা, অন্তত ৫০ জনের মৃত্যু ঘটেছে।’

তিনি বলেন, ‘আটকে নির্যাতন—যেটা টর্চার ইন কাস্টডি; এটাতো একদম হওয়ার কথাই ছিল না, এখনও এই ঘটনা ঘটেছে এবং সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার হাতে ৭ জনের মৃত্যু ঘটেছে। অন্তত একটা ডিস্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, যেখানে একটা আইন প্রয়োগকারী সংস্থা জড়িত। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সত্যিকারের অর্থে উদ্বিগ্ন করে।’

তিনি আরও বলেন, ‘অবস্থা আগের মতোই এবং যেটা বিশেষ করে ২৪ পরবর্তী বাংলাদেশে। বিশেষ করে মানবাধিকার, সুরক্ষা, ন্যায়বিচার এবং রাষ্ট্রকাঠামোকে জবাবদিহিমূলক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ধরনের আইন—সকল আইনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য।’

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্তী, চিকিৎসক ও তরুণ রাজনীতিবিদ ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।