সাতক্ষীরার শ্যামনগরে হবু স্ত্রীর সঙ্গে দেখা করে ফেরার পথে শুভঙ্কর মন্ডল (২৮) নামের এক যুবক বাসচাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনারমোড় এলাকায় শ্যামনগর-বংশীপুর মহাসড়কের লস্কর ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত শুভঙ্কর খুলনা জেলার কয়রা উপজেলার মহেশপুর গ্রামের সাবেক মেম্বার দুর্গাপদ মন্ডলের ছেলে।
নিহতের নিকটাত্মীয় এনজিওকর্মী হরিপদ মন্ডল জানান, শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের একটি মেয়ের সঙ্গে সম্প্রতি শুভঙ্করের বিয়ে ঠিক হয়। তবে পরিবারের এক সদস্যের আকস্মিক মৃত্যুর কারণে বিয়ে পিছিয়ে যায়। তবে ও মেয়ের সঙ্গে শুভঙ্করের ফোনে নিয়মিত যোগাযোগ হত। এমতাবস্থায় তার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে শুভঙ্করকে মটরসাইকেলসহ চাপা দেয় বিআরটিসি বাস। এতে শুভঙ্কর ঘটনাস্থলেই মারা যান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। চালক বাস নিয়ে পালিয়ে গেলেও তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
