চট্টগ্রামে অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে ২০ দিনের মধ্যে রিমান্ড-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরের খুলশী এলাকা থেকে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের ৬৩ নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার বিদেশি নাগরিকরা চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনলাইন প্রতারণার একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এই কাজে তাদের সহায়তা করছিল দেশীয় একটি চক্র। ওই চক্রের সদস্য হিসেবে মহসিন নামে একজনকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, মহসিনের বিরুদ্ধে পৃথক একটি মামলাও রয়েছে। কোকেন-সংক্রান্ত ওই মামলায় তাকেও কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে আসামিদের রিমান্ডের পক্ষে বক্তব্য দেন মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূইয়া।
চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের ২ দিনের রিমান্ড
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
অনলাইন
১ ঘন্টা আগে
১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৩ঃ১৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
