ছোটপর্দার জনপ্রিয় নাটক ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আঁধার’ কিংবা ‘বিকেল বেলার ছাদ’—এমন চমৎকার সব কাজের নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। আজ ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সজীবের চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী ও নাট্যশিল্পীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
স্মৃতিচারণ করে অভিনেত্রী তাসনুভা তিশা লেখেন, সজীব ভাইয়ের আন্তরিকতা ও অমায়িক ব্যবহার সবসময় মনে রাখার মতো। তিনি শুধু একজন গুণী পরিচালকই ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন অতুলনীয়। সহকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এক পোস্টে লিখেছেন, আমাদের প্রিয় নির্মাতা সজীব আর নেই। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নির্মাতা সজীব দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরলেও ভোররাতে শেষ রক্ষা হয়নি। আজ বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে তার জানাজা অনুষ্ঠিত হবে।
