দীপ্ত টিভি’র জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘বকুলপুর’র তৃতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে। গতকাল দীপ্ত টিভি প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে নাটকটির নাট্যকার, পরিচালক ও অভিনয়শিল্পীরা উপস্থিত থেকে এই সিজনকে ঘিরে তাদের ভাবনার কথা বলেন। নাটকটির রচয়িতা আহমেদ শাহাবুদ্দিন জানান, বিগত দু’টি সিজনে দর্শক থেকে যে ভালোবাসা পাওয়া গেছে— তা এক অসাধারণ অভিজ্ঞতা। তবে সেই ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় সিজনে গল্পের বাঁক ও চরিত্রে নতুনত্ব আনা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। দর্শকদের প্রত্যাশা পূরণ করার একটা মনস্তাত্ত্বিক চাপ থাকলেও, নতুন সিজনের পরিবর্তনগুলো দর্শক সমাদরে গ্রহণ করবেন বলেই তার বিশ্বাস।
অন্যদিকে, পরিচালক হাসান রেজাউল জানান, গ্রামীণ জীবনের সৌন্দর্য এবং লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী যাত্রাপালাকে পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলাই ছিল তার মূল লক্ষ্য। একটি গ্রামের আবহ এবং সেখানকার মানুষের টানাপড়েনকে ক্যামেরাবন্দি করার বিষয়ে তিনি শুরু থেকেই আন্তরিক ছিলেন। নতুন এই সিজনের গল্পের সঠিক উপস্থাপন ও ভিন্নতা নিয়ে তিনি বেশ আশাবাদী। সংবাদ সম্মেলনে নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা ও নানা খুনসুটি তুলে ধরেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। রসিকতা করে তিনি জানান, শুরুতে এই সিজনে অভিনয় করার ব্যাপারে তার কিছুটা দ্বিধা ছিল এবং তিনি প্রায় রাজিই ছিলেন না। তবে পুরো টিমের আন্তরিকতা ও চমৎকার গল্পের কারণেই শেষ পর্যন্ত যুক্ত হওয়া। সবমিলিয়ে এক জমজমাট আয়োজনের বার্তা নিয়ে আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে শুরু হতে যাচ্ছে ‘বকুলপুর সিজন-৩’।
