বিকাশ এজেন্টের দোকান থেকে বিদেশি মদসহ আটক ১

ফন্ট সাইজ:

যশোরের অভয়নগরে ‘ভৌমিক টেলিকম’ নামে একটি বিকাশ এজেন্টের দোকান থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অবৈধভাবে মদ মজুত ও বিক্রির অভিযোগে দোকানের মালিক মিঠুন ভৌমিক (৪০) কে আটক করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকায় মোটরসাইকেল স্ট্যান্ডের সামনে অবস্থিত দোকানে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। সোমবার সকালে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। আটক মিঠুন উপজেলার বুইকারা গ্রামের জ্ঞানেন্দ্র নাথ ভৌমিকের ছেলে। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, অবৈধভাবে বিদেশি মদ মজুত ও বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।