বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ— বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের কয়েকজন নেতা বিশৃঙ্খলা করছে বলে অভিযোগ উঠেছে। এই মহলটি হালিশহর বিআরটিএ উপ-পরিচালক তৌহিদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলেও জানা গেছে। অভিযোগ রয়েছে, একটি চক্র বিভিন্ন নামে ও বেনামে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয় এবং এর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে চিঠি দেয়া ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে বক্তব্য দেয়ার মাধ্যমে নানান ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব কর্মকাণ্ডে তারা নিজেদের শ্রমিক দলের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। যদিও এদের অধিকাংশই শ্রমিক লীগের সঙ্গে যুক্ত। জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মো. নাজিম উদ্দীন বলেন, অভিযুক্ত ব্যক্তিদের কেউই শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। বাইরের কেউ এসে শ্রমিক দলের নাম বিক্রি করলে এর দায়ভার আমরা নিবো না।
এই বিষয়ে হালিশহর বিআরটিএ উপ-পরিচালক তৌহিদ হোসেন বলেন, কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়কে জিম্মি করে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে। এই দুষ্টু লোকজন এতদিন শ্রমিক লীগের সঙ্গে জড়িত ছিল। গত ৫ই আগস্টের পর তারা কিছুদিন চুপ ছিল। এখন আবার খোলস পাল্টে নতুন রূপে এসে বিশৃঙ্খলা করছে। এদিকে, কথিত শ্রমিক নেতারা সোমবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে আয়োজকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। একপর্যায়ে তারা সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করে।
