‘ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দিতে দেয়া যাবে না’

ফন্ট সাইজ:

নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কিছু কিছু ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার নমুনা দেখতে পাচ্ছি। আমরা যেসব ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, সেই ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই লালপুরে আমরা ফ্যাসিবাদের পদচিহ্ন দেখতে চাই না। সোমবার দুপুরে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরা আমাদের সন্তানদের ওপর গুলি চালিয়েছে।

১৭ বছর আমাদের ওপর জুলুম ও নির্যাতন চালিয়েছে। এ সময় জনপ্রতিনিধিদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে পুতুল বলেন, কোনো দুর্নীতির ভাগিদার আমরা হতে চাই না। জনগণের জন্য সরকার যেসব সুযোগ-সুবিধা দিয়েছে, সেগুলোর সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। এসব সুবিধা কোনো নেতার হাতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু ও লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম। এর আগে প্রতিমন্ত্রী জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে উপজেলার একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।