নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিনদিন পর রাফি আকন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের কচুরিপানায় ভরা একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফি ওই গ্রামের জসিম আকনের ছেলে ও দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টার পর বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয় রাফি। পরে আর বাড়িতে ফিরে আসেনি। ১৪ই সেপ্টেম্বর সোমবার সকাল ৭টার দিকে এক প্রতিবেশী ওই খালে গোসল করতে গিয়ে কচুরিপানার নিচে একটি হাত দেখতে পায়।

পরে খবর পেয়ে রাফির বাবা-মা ও স্বজনরা এসে মরদেহটি রাফির বলে শনাক্ত করেন। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বাবা জসিম আকন ওমা লাকি বেগম অভিযোগ করে বলেন, রাফি নিখোঁজ হওয়ার পর তারা বিভিন্নস্থানে খোঁজ করেছেন। তার দাবি, রাফি সাঁতার জানত এবং ওই খালে যাওয়ার কথা নয়। তাকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। অন্য একটি সূত্রে জানা গেছে পারিবারিক মতানৈক্যের কারণে বাবা-মায়ের বিচ্ছেদের পর রাফি দাদা-দাদির সঙ্গে বসবাস করত। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোড়লগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খান। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খান বলেন, ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। শরণখোলা থানা পুলিশের সেকেন্ড অফিসার বিনয় দাস বলেন, ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।