ময়মনসিংহের ত্রিশালে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩৮) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার তিরখী সাকিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম ময়মনসিংহ কোতোয়ালি থানার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে গফরগাঁও থেকে কালির বাজার হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটির সিএনজিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিচালক জসিম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় সিএনজিতে থাকা অজ্ঞাতনামা দুই নারী ও তিন পুরুষ যাত্রী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
