নানার সঙ্গে বরিশাল যাওয়া হলো না মাহিনের

ফন্ট সাইজ:

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কে হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন কুয়াকাটা মুসুল্লিয়াবাদ এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে এবং দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি বিভাগের শিক্ষার্থী ছিল। তবে এ ঘটনায় বিআরটিসি পরিবহনের ঘাতক বাসটির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দু’দিন আগে হাজীপুরে নানা অহিদ শিকাদারের বাড়িতে বেড়াতে আসে মাহিন। ঘটনার সময় নানা-নানির সঙ্গে বরিশাল যেতে সড়কে দাঁড়িয়ে বাস থামাচ্ছিলেন নানা ওয়াহিদ শিকদার। কিন্তু বাসটি থামাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিনের শরীরে ধাক্কা দেয়। এ সময় শিশুটি সড়কে ছিটকে পড়ে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বিআরটিসি বাসের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।