সাতক্ষীরার বাটকেখালীতে পুকুরের পানিতে ডুবে একই এলাকার দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে সোমবার দুপুরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো— বাটকেখালী এলাকার হাবিবুর রহমানের মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী হাবিবা (১০) এবং সাদ্দাম হোসেনের ছেলে ও তৃতীয় শ্রেণির ছাত্র লাবিব (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে হাবিবা ও লাবিব একসঙ্গে গফুর সাহেবের বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে বেলা গড়ালেও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর ১টার দিকে পুকুরে গোসল করতে যান স্থানীয় এক ব্যক্তি। এ সময় পুকুরঘাটে দুই জোড়া স্যান্ডেল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি তাৎক্ষণিক পানিতে নেমে হাতড়ে তল্লাশি চালিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশু দু’টির মরদেহ উদ্ধার করা হয়েছে।
