মোবাইলে প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া, দেশে স্ত্রীর মৃত্যু

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি আরব প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ফোনে ঝগড়ার পর তামান্না আক্তার জলি (২৬) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত রোববার রাত ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঁঠালখাই গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জলি ওই গ্রামের আব্দুল মজিদের মেয়ে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত দুই বছর আগে একই উপজেলার আলমপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে মারুফ আহমেদের সঙ্গে জলির পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্যজীবনে তাদের ১৩ মাসের এক কন্যাশিশু রয়েছে। বিয়ের কিছুদিন পর মারুফ সৌদি আরবে চলে যান। এরপর থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে মোবাইল ফোনে তাদের মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়।

একপর্যায়ে ৬ দিন আগে জলি তার বাবা বাড়ি চলে আসে। জলির বাবা আব্দুল মজিদ বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে ঝগড়া বিবাদ দেখা দিলে গত ৬ দিন আগে জলি বাড়িতে চলে আসে। গত রোববার সারাদিন স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে ঝগড়া হয়। রাতে সে তার সয়নকক্ষের তীরের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টাকালে তার চিৎকারে আমরা জলিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।